মিসড কলেই ব্যালান্স, অ্যাপ থেকেই বাংলা কিউআর কোড জেনারেটর দিচ্ছে ইসলামী ব্যাংক

৩১ জানুয়ারি, ২০২৪ ১৩:৩৬  

মিসড কলে ব্যালান্স ও সেলিফিন অ্যপসে মার্চেন্ট অনবোর্ডিং বাংলা কিউআর কোড জেনারেটরের মতো উদ্ভাবনী সুবিধাসহ নতুন ৪টি সেবা চালু করেছে দেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত সবচেয়ে বড় আর্থিক সেবা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক।

সেবাগুলোর মধ্যে ইসলামী ব্যাংক গ্রাহক তার অ্যাকাউন্টে নিবন্ধিত ফোন নাম্বার থেকে ০৯৬১৭৫১৬২৫৯ নাম্বারে একটি মিসড কল দিয়ে বিনা খরচে তাৎক্ষণিক ব্যালেন্স জানতে পারবেন।

এনআইডি নম্বর ও ছবি আপলোড করে ইসলামী ব্যাংকে নিজেই পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট খোলার পাশাপাশি ব্যাংক কর্মকর্তার সহায়তায় সেলফিন আ্যাপসে বাংলা কিউআর কোড জেনারেট করে ব্যাবসায়িক লেনদেন করতে পারবেন। বাংলা কিউআর কোড এর মাধ্যমে ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের অ্যাপস, বিকাশ, উপায় ইত্যাদি থেকেও পেমেন্ট নেওয়া যাবে।

ব্যাংক সূত্রে প্রকাশ, নতুন চালু হওয়া ডিজিটাল সেবার মধ্যে কানেক্ট ২ ব্যাংক একটি কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং মডিউল। এ মডিউলের মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহের বেতন, ইউটিলিটি বিল, বৃত্তি ও সরকারি ভাতা প্রদান, বিনিয়োগের প্রস্তাবনা প্রদান, ঋণপত্র খোলার অনুরোধ, বেতন হিসাব খোলা, হিসাব বিবরণী দেখা থেকে শুরু করে বিইএফটিএন, আরটিজিএস ও এনপিএসবি এর মাধ্যমে ব্যাংক টু ব্যাংক ফান্ড ট্রান্সফার করতে পারবে।

এছাড়াও ইসলামী ব্যাংক হেলপ পোর্টালে নিবন্ধিত মোবাইল নাম্বারের মাধ্যমে লগইন করে তাৎক্ষণিকভাবে নিজের হিসাব ও কার্ডের ব্যালেন্স, হিসাবের বিবরণী থেকে শুরু করে এটিএম লেনদেনে সমস্যার ক্ষেত্রে অভিযোগ দাখিল করা এবং দাখিলকৃত অভিযোগের সর্বশেষ অবস্থান দেখা যাবে।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গত ২৯ জানুয়ারি এই চারটি ডিজিটাল সেবার উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মনিরুল মওলা।

অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ আলতাফ হুসাইন ,ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফায়েজ মুহাম্মদ কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, কাজী মোঃ রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধানগণ এবং ঊর্ধ্বতন নির্বাহী উপস্থিত ছিলেন।